১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে নব নালন্দার ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। ৯ মে, ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে নজরুল মঞ্চে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলে। অংশগ্রহণে ছিলেন নব নালন্দার পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা।

নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র এ প্রসঙ্গে জানান, ‘শুরুতে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হতো নব নালন্দার পুরোনো ভবনে, তারপর সাদার্ন এভিনিউ এর সামনের বুলেভার্ডে। ৫ হাজারের অধিক দর্শক-শ্রোতারা আসতেন অনুষ্ঠান দেখতে। তখনকার দিনে হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায় থেকে শুরু করে কনিকা বন্দ্যোপাধ্যায় এমনকি পলি গুহ, সাধন গুহর মতো স্বনামধন্য নৃত্যশিল্পীরাও অংশগ্রহণ করতেন। সকাল ৬ টায় শুরু হতো অনুষ্ঠান। অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতেন এই মনোরম অনুষ্ঠান। পরবর্তীকালে দর্শক সংখ্যা বেড়ে যাওয়া এবং প্রচণ্ড দাবদাহ থেকে সকলকে স্বস্তি দিতে শীততাপ নিয়ন্ত্রিত নজরুল মঞ্চে স্থানান্তরিত হয় এই অনুষ্ঠান’। এদিন একক উপস্থাপনায় ছিলেন প্রণতি ঠাকুর, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অলক রায় চৌধুরী, সুদীপ্ত রায়, রঞ্জিনী মুখোপাধ্যায়, রিমা মিত্র, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সৈকত শেখরেশ্বর রায়, অদিতি গুপ্ত, প্রদীপ দত্ত, কোয়েল অধিকারী, সুমন পান্থী, অ্যারিনা মুখোপাধ্যায়, শমীক পাল, অরিত্র দাশগুপ্ত, মধুমিতা বসু, শীর্ষ রায়, দেবাদৃত চট্টোপাধ্যায়, মৌনীতা চট্টোপাধ্যায়, অভিক মল্লিক, সাম্য কার্ফা, দীপাবলি দত্ত প্রমুখ। নব নালন্দার অগণিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনায় ছিল নৃত্যগীতি আলেখ্য পুরাতন প্রাণের টানে। এস্রাজে রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় ছিলেন সন্দীপ সেনগুপ্ত। মানবতার মুক্তধারা অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, সম্মেলন গান পরিচালনায় শ্রাবনী সেন মিউজিক একাডেমি। আমার রবীন্দ্রনাথ নিবেদনে ছিলেন শ্রাবণী সেন, শত কন্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় ছিলেন শোভন গাঙ্গুলী। গীতাঞ্জলির গান পরিচালনায় ছিলেন মনোজ মুরলী নায়ার ও দেবলীনা কুমার। রবির প্রেমে অনুষ্ঠানটি নিবেদনে ছিলেন মনোময় ভট্টাচার্য। সুদূরের পিয়াসি অনুষ্ঠানটি নিবেদনে ছিলেন দুর্নিবার সাহা। রবিঠাকুরের ঝুলি নৃত্যগীতি আলেখ্য পরিবেশনায় ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ মিত্র।

