সারেগামা ও ক্যালকাটা সিনে ওয়ার্কস-এর যুগলবন্দীতে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও “মন যে আমার”। গত এক বছর ধরে ‘সারেগামা’ এবং ‘ক্যালকাটা সিনে ওয়ার্কস প্রাইভেট লিমিটেড’ একসঙ্গে কাজ করে চলেছে। এই সফল পথচলার ধারাবাহিকতায় তারা এবার নিয়ে এল তাদের বহু প্রতীক্ষিত নতুন মিউজিক ভিডিও “মন যে আমার”। রূপসা এবং জন অভিনীত এই রোমান্টিক মিউজিক ভিডিও অ্যালবামটি আজ, ১৭ মে মুক্তি পেল সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। শুধু তাই নয়, এছাড়াও সমস্ত জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এটি।
গানটির সঙ্গীত পরিচালনা এবং সামগ্রিক পরিচালনা করেছেন দেবাঞ্জন। উল্লেখ্য, ২০২৫ সালে তাঁর পরিচালিত “কাছাকাছি তুই আমি” এবং “বলো দুয়া মাইকি” গান দুটি অভাবনীয় জনপ্রিয়তা লাভ করে এবং প্রতিটি গানই এক মিলিয়ন এরও বেশি ভিউ অর্জন করে। সেই সাফল্যের পর দেবাঞ্জনের এই কাজটিও খুব দ্রুত দর্শকদের মন জয় করে নিল। ভিডিওটি রিলিজ করার এক ঘণ্টার মধ্যেই লক্ষ ভিউ ছাড়িয়ে গেল।
“মন যে আমার” একটি স্নিগ্ধ ও রোমান্টিক মিষ্টি প্রেমের গল্প বলে। এই কাজটির নেপথ্যে অবদান রয়েছে একদল অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান শিল্পীর। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মানসী ঘোষ। গীতিকার বারিশ, চিত্রগ্রহণ করেছেন সৌভিক বসু, কোরিওগ্রাফার অরূপ সেনগুপ্ত। সম্পাদনা করেছেন দেবজিৎ সরকার।
দর্শকদের জন্য আরও একটি সুখবর রয়েছে। ক্যালকাটা সিনে ওয়ার্কস এবং পরিচালক দেবাঞ্জন বর্তমানে একটি নতুন বাংলা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ছবির নাম প্রতিদ্বন্দ্বী। আগামী ২রা জুন থেকে এই সিনেমার শুটিং বা চিত্রায়ণের কাজ শুরু হতে চলেছে। মিউজিক ভিডিওর মতো এই চলচ্চিত্রেও চিত্রগ্রাহক হিসেবে পুনরায় ক্যামেরার দায়িত্ব সামলাবেন সৌভিক বসু।

