নিজস্ব প্রতিনিধি:বন্ধ কলকারখানার শ্রমিকদের জীবনের কাহিনীকে এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক জয়দীপ মুখার্জী তার ছবি ‘আকাশ অংশত মেঘলা’তে। শুভঙ্কর মিত্রের ধাগা প্রোডাকশন নিবেদিত এই ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য লিখেছেন জয়দীপ নিজেই। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও রাহুল ব্যানার্জী। রুদ্রনীলের স্ত্রী এর ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে এবং রাহুল এর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চ্যাটার্জী। এছাড়াও বিভিন্ন গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দামিনী বেণী বসু, শঙ্কর দেবনাথ, দেবদূত ঘোষ, রুমকি চ্যাটার্জী, কৌশিক কর, সুদীপ সরকার প্রমুখ। আপাতভাবে বিচ্ছিন্ন দুটি গল্পকে এক সুতোয় গেথেছেন পরিচালক। জুটমিলের শ্রমিক রসয়ময় বাগচীর জীবন ওলটপালট হয়ে যায় যখন হঠাৎ তার কারখানা লকআউট হয়ে যায়। ট্রেড ইউনিয়নের কর্মী রসময় আন্দোলনে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁর কারখানার জমি এক সময় বিক্রি হয়ে যায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে এক নিদারুণ অসহায় অবস্থায় পড়ে সে। বেঁচে থাকার জন্য তাকে অবশেষে তেলেভাজার দোকান খুলতে হয়। অন্যদিকে কৃতি ছাত্র অনির্বানকে মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয় যখন তার বাবার কারখানা লকআউট হয়ে যায়। পরিবারকে বাঁচাতে সে হন্যে একটা চাকরী খুঁজতে থাকে। কিন্তু কোনোভাবে একটা চাকরী সে জোটাতে পারে না। আবার তার প্রেমিকা আনন্দীর পরিবারকে তাদের ভাড়া বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে এক প্রোমোটার। এই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর বেঁচে থাকা, লড়াই, ভালোবাসার গল্প নিয়েই আবর্তিত হয় এই ছবির কাহিনী। এই মানুষগুলোর জীবনের দুর্দশার আড়ালে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটকেও তুল্রে ধরেছেন জয়দীপ তার ছবিতে। সংশয়ের মেঘের আড়ালে আশার আলোর গল্প নিয়ে আসছে আকাশ অংশত মেঘলা।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *