হরিহরণ এর একক গজল সন্ধ্যা উস্তাদ-এ-গজল, আগামী ২০ জুন, ২০২৬, নজরুল মঞ্চে, সন্ধ্যা ৬টা থেকে। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন। নিবেদনে বোরোলিন, সহযোগিতায় খুকুমণি।
গজল ভারতীয় সঙ্গীতের এক স্বতন্ত্র ঘরানা যা সঙ্গীতের রসিকদের কাছে বেশ পছন্দের। হিন্দি ছবির গানের পাশাপাশি এক বহমান নদীর মতো বয়ে চলেছে নিজের আপন ছন্দে। ঘন্টার পর ঘন্টা গজলের মেহফিল চলে, শ্রোতারা বুঁদ হয়ে থাকেন তার সুরের সুবাস, কথার জাদুতে। গজল মূলত কথা প্রধান গান। প্রেম, বিরহ মানুষের নানা অনুভূতি কাব্যময় ভঙ্গিতে পরিবেশন করা হয়, যা সুরের স্নিগ্ধতায় পরিণত হয়ে ওঠে।
দীর্ঘ পঞ্চাশ বছর আগে গজলেই হাতেখড়ি হরিহরণ এর। পরবর্তী কালে ভারতীয় নানা ভাষায় ছায়াছবির গানে জনপ্রিয় হন তিনি। পেয়েছেন গানে জাতীয় পুরস্কার, পদ্মশ্রী। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে নিবেদন করেছিলেন রবি অনন্থ আর্থাৎ হরিহরণ জির গজল অ্যালবাম সুকুন। গানের সুরকারও ছিলেন হরিহরণ। এর পর ছায়াছবির গান, নন ফিল্ম পপ অ্যালবাম, গজল নানা ধারার গান নিয়ে কাজ করে আসছেন পঞ্চাশ বছর ধরে। তিরিশের বেশি গজল অ্যালবাম আছে শিল্পীর। গুলফাম, আবসর-এ-গজল-তে গান করেছিলেন আশা ভোঁসলের সঙ্গে, কাশ, হালকা নশা, জশন ওঁনার অন্যতম সফল গজল অ্যালবাম।
এবার কলকাতাবাসীর কাছে অনন্য সুযোগ এই বিশেষ গজল সন্ধ্যা উপভোগ করার। হরিহরণ বললেন, ” কলকাতা সঙ্গীতের শহর, গান সমজদারদের শহর। এখানে বারে, বারে ফিরে এসে গান পরিবেশন করতে ভালো লাগে।”

