আজও বাঙালির হৃদয় জুড়ে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। আজকের প্রজন্মও তাঁর অন্ধ ভক্ত। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর, সন্ধ্যেয় উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলেখ্য ‘১ Show এ উত্তম’। অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিল ‘নব রবি কিরণ’ ও ‘নব নালন্দা সংগীত শিক্ষায়তন’। গান, নৃত্য, কুশলী অভিনয় এবং পর্দায় উত্তম অভিনীত নানান জনপ্রিয় ছবির অংশবিশেষ এর প্রদর্শন, এই সব কিছুর অপূর্ব মেলবন্ধনে মঞ্চে তৈরি হয়েছিল এক সিনেমাটিক দৃশ্যপট। যার মধ্যে উঠে আসে উত্তমের শৈশব জীবন থেকে কর্মজীবন, অভিনয় জীবন, ব্যক্তিগত জীবনের নানান ঘটনা ও মুহূর্ত।
এদিন মঞ্চে পরিবেশিত হয় কবিগান, পরিবেশিত হয় উত্তম অভিনীত বেশ কিছু ছবির নাট্যাংশ। মঞ্চ পরিবেশনায় জীবন্ত হয়ে উঠেছিল উত্তম যুগের সেই স্বর্ণালী অধ্যায়।
সিসপিয়া ব্যানার্জীর পরিবেশনে ছিল হারানো সুর ছবির জনপ্রিয় গান তুমি যে আমার। তৃষা পারুই এর নিবেদনে অগ্নি পরীক্ষা ছবির গানে মোর কোন ইন্দ্র ধনু। ইন্দ্রাণী ছায়াছবির সূর্য ডোবার পালা গানটির পরিবেশনে ছিলেন শমীক পাল, অভিনয়ে অরিঘ্নী মিত্র। দুই ভাই ছবির, তারে বলে দিও গানটি পরিবেশন করেন শোভন গাঙ্গুলী। ধন্যি মেয়ে ছবির জনপ্রিয় গান, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল গানটির দ্বৈত পরিবেশনে ছিলেন আরফিন রানা ও ঋক বসু। ছদ্মবেশী ছবির মান্না দে-এর কণ্ঠে গাওয়া আমি কোন পথে যে চলি গানটির পরিবেশনে ছিলেন গৌরব সরকার। আনন্দ আশ্রম ছবির পৃথিবী বদলে গেছে গানটির যৌথ পরিবেশনে ছিলেন সুজয় ভৌমিক ও দীপাবলি দত্ত। কবিগান পরিবেশন করেন অরিত্র দাশগুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, কৃত্তিকা রায়চৌধুরী। ‘সপ্তপদী’, উত্তম-সুচিত্রা জুটির সেরা রোমান্টিক ছবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে, এই ব্লকবাস্টার ছবিটি পরিচালনা করেছিলেন অজয় কর। ছবিতে ওথেলো নাটকের মঞ্চায়ন চির স্মরণীয় হয়ে আছে। ওথেলো রূপী উত্তম কুমার এবং ডেসডিমোনার ভূমিকায় সুচিত্রা সেন এর অভিনয় চির স্মরণীয় হয়ে রয়েছে। এদিন মঞ্চে অভিনীত হয় সেই জনপ্রিয় নাট্যমুহূর্ত। অভিনয়ে ছিলেন সৌম্য সামন্ত, কৃত্তিকা চৌধুরী। এছাড়াও অংশগ্রহণে ছিলেন অতিথি শিল্পী এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন ও নব রবি কিরণ-এর শিল্পীবৃন্দ। এদিনের অভিনব উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন মহুয়া চক্রবর্তী, পরিকল্পনায় অরিজিৎ মিত্র এবং পরিচালনায় সুব্রত বাবু মুখোপাধ্যায়। মুখবন্ধে অজয় ভট্টাচার্য। নাটক পরিচালনায় ছিলেন ভাস্বতি দত্ত ও দিব্যশ্রী চট্টোপাধ্যায়। সঞ্চালনায় সাম্য কার্ফা এবং শ্রবণা শীল।
উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলেখ্য ‘১ Show এ উত্তম’

