বর্ধমান, ৬ সেপ্টেম্বর: সঙ্গীতচর্চার ক্ষেত্রে বর্ধমান শহরে যুক্ত হলো এক নতুন অধ্যায়। জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুমনা সামন্ত মুখার্জির উদ্যোগে উল্লাস উপনগরীতে পথচলা শুরু করল “তারানা – সুমনা স্কুল অফ মিউজিক”।
৬ সেপ্টেম্বর, ২০২৬ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। তাঁর শুভহস্তে ‘তারানা’-র পথচলা শুরু হওয়া অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের জন্য বিশেষ সঙ্গীত কর্মশালায় অংশ নেন হৈমন্তী শুক্লা। কিংবদন্তি শিল্পীর কাছ থেকে সরাসরি সঙ্গীতের নানা দিক শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত শিক্ষার্থীরা।
‘তারানা’-র পথচলায় যুক্ত হয়েছে বাণীচক্র সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ কলেজ। এই সংযুক্তির ফলে ‘তারানা’-র শিক্ষার্থীরা বাণীচক্রের মাধ্যমে সঙ্গীত বিষয়ক বিভিন্ন কোর্সের সার্টিফিকেট অর্জনের সুযোগ পাবেন, যা সারা ভারতজুড়ে স্বীকৃত।
শিক্ষার্থীদের বক্তব্য, বর্ধমানের বুকে এমন একটি সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠানের সূচনায় তাঁরা অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানের প্রথম দিনেই হৈমন্তী শুক্লার কর্মশালায় অংশগ্রহণ তাঁদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা ও গর্বের বিষয়।
আগামী দিনে হৈমন্তী শুক্লার পাশাপাশি আরও বহু বিশিষ্ট ও প্রতিথযশা সঙ্গীতশিল্পী ‘তারানা’-য় আসবেন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা পরিচালনা করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
‘তারানা’-র অধ্যক্ষ সুমনা সামন্ত মুখার্জি জানান, “আমাদের লক্ষ্য শুধু গান শেখানো নয়; শিক্ষার্থীদের সঙ্গীতের সঠিক দিশা দেখানো। দেশের বিশিষ্ট শিল্পীদের সান্নিধ্য ও তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন সঙ্গীতচর্চায় পরিপূর্ণতা অর্জন করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।”
বর্ধমানের সাংস্কৃতিক মানচিত্রে নতুন এই উদ্যোগ আগামী দিনে সঙ্গীতপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সকলের।

