তেপান্তর নাট্যগ্রামে মিউনাস আয়োজিত টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব

ইন্দ্রজিৎ আইচ :দীর্ঘ কয়েক বছর ধরে নাট্যজগতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে চলেছে নাট্যদল মিউনাস। বাদল সরকারের জন্মশতবর্ষকে সামনে রেখে কলকাতার বাইরে বর্ধমানের তেপান্তর নাট্যগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল টানা ২৪ ঘন্টার নাট্যোৎসব। শ্রদ্ধেয় বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতাকেন্দ্রিক আয়োজনের বাইরে গিয়ে গ্রামীণ পরিবেশে এই নাট্যোৎসব দর্শকমহলে দারুন সাড়া ফেলে দিয়েছে। গত
২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এই নাট্যোৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন ‘এবং আমরা’ নাট্যদলের পরিচালক কল্লোল ভট্টাচার্য। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়। শুরুতে ‘এবং আমরা’ নাট্যদলের শিশু বিভাগের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। এরপর বাদল সরকারকে কেন্দ্র করে ‘ইলোরা’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে মিউনাস-এর পরিচালক ও নাট্যকার উৎসব দাসের প্রথম নাটকের বই ‘পঞ্চবান’ প্রকাশিত হয়। প্রকাশক নাট্য পঞ্জিকা। সাহিত্যিক শুদ্ধসত্ত্ব ঘোষ এই বইটি উন্মোচন করেন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রঞ্জন গঙ্গোপাধ্যায়, মলয় ঘোষ, সঞ্জীব চট্টোপাধ্যায়, দুলাল চক্রবর্তী, অরূপ রায়, মানুষ দাস, গৌতম বিশ্বাস প্রমুখ
নাট্য ব্যক্তিবর্গ। এবারের এই টানা নাট্যোৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৯টি নাট্যদল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল উত্তরপাড়া ব্রাত্যজন, বিসর্গ থিয়েটার, চণ্ডীতলা প্রম্পটার, রানাঘাট সৃজক, বীরভূম অ্যাম্ফিথিয়েটারওয়ালা, নান্দীরঙ্গ, অশোকনগর নাট্যমুখ, রবীন্দ্রনগর নাট্যায়ুধ, ব্যারাকপুর স্বজন থিয়েটার, বেহালা থার্ডবেল, আনন্দপুর গুজব থিয়েটার গ্রুপ, পূর্ব পুটিয়ারী কলকাতা নাট্যজন, কলিকথা, অনুভূতি সাংস্কৃতিক সংস্থা, আয়না নাট্যগোষ্ঠী, সমতট সংস্কৃতি উত্তরপাড়া, শতাব্দী, কসবা উত্তরণ এবং আয়োজক সংস্থা মিউনাস।
টানা ২৪ ঘন্টা ধরে এই ১৯টি দল নিজ নিজ নাটক পরিবেশন করে। সব নাটক গুলোই বাদল সরকারের লেখা।অনেক নাট্যমোদি দর্শক টানা ২৪ ঘন্টা থেকে সবকটি নাটক দেখেন ও উপভোগ করেন।
নাট্যোৎসবের পর্দা নামে মিউনাস-এর পরিবেশনায় বাদল সরকারের লেখা নাটক ‘সুটকেস’-এর মাধ্যমে। নাটকটি শেষ হওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই অনুষ্ঠানের। সমগ্র এই নাট্য উৎসবের ভাবনা , পরিকল্পনায় ছিলেন উৎসব দাস।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *