বিশেষ প্রদর্শনী হয়ে গেল ‘সনাতনের কীর্তি’র

নিজস্ব প্রতিবেদক:গ্রামের সহজ সরল ছেলে সনাতন বন্যায় বাবা, মা ও ভিটে হারিয়ে শহরে এসে উপস্থিত হয় দুরসম্পর্কের কাকা কাকিমার কাছে। কাকা স্বভাবে খুব ভালো হলেও কাকিমা একদমই কুচুটে চরিত্রের। তাদের দুই ছেলে – ন্যাসপাতি আর সরবতী, মায়ের ধারা পেয়েছে। মেয়ে কমলা বাবার মত ভালো, শান্ত স্বভাবের। সনাতন শহরে এসেছে মামার পাঠানো পোস্টকার্ড নিয়ে। তার মামা যে অফিসে পিওনের চাকরি করে, সেখান থেকে রিটায়ার করার আগে তাকে নিজের জায়গায় বহাল করে দিয়ে যেতে চায়। সনাতন ভাবে কাকার বাড়িতে থেকে চাকরি করবে। কিন্তু কাকিমা তাকে শুরুতেই তাড়াতে চায়। কিন্তু বাধা দ্যায় বাড়ির চাকর হরি, যে মাত্র ৬০০ টাকা মাইনেতে বাড়ির সব কাজ করে করে ক্লান্ত। সে কাকিমাকে বুদ্ধি দ্যায় – সনাতনকে দিয়ে বাড়ির বেশীর ভাগ কাজ করিয়ে নিতে। এতে হরির খাটনি কমবে, ওরাও বিনা মাইনের একটা চাকর পাবে। কাকিমা সনাতনকে বাড়িতে থাকতে দেয়।

ওদিকে সনাতন মামার অফিসে পৌঁছয়। সেখানে ঘুষখোর খেকুরে বড়বাবু তার পিছনে লাগে। কিন্তু সনাতন প্রথমে বসকে সন্তুষ্ট করে চাকরিটা বাগিয়ে নেয় ও বড়বাবুকে ঘুষ নেবার সময় বসের কাছে হাতেনাতে ধরিয়ে দ্যায়। বস বড়বাবুকে চাকরি থেকে বরখাস্ত করলেও আবার সনাতনের অনুরোধেই তাকে চাকরিতে ফিরিয়ে নেন। বড়বাবুরও মন বদলে যায়, তিনি সৎ হবার শপথ নেন।

ওদিকে বাড়িতে ফিরে সনাতন পিওনের চাকরির বদলে মিথ্যে বলে সে বড়বাবুর চাকরি পেয়েছে অফিসে। মাসে চল্লিশ হাজার টাকা মাইনে। শুনে যারা ওকে দিয়ে বাড়ির কাজ করাবার মতলব করছিল, তারাই ওকে তোয়াজ করতে শুরু করে। ভালো ভালো খাবার দেওয়া, ভালো এসি রুমে রাখা নানাভাবে তেল লাগাতে থাকে। এমনকি পুরোনো দু’লাখ টাকার ধারও কাকিমা শোধ দিয়ে দ্যায়৷ কিন্তু পরের দিন বস বাড়িতে সনাতনকে অফিসে নিয়ে যাবার জন্যে এলে সবকিছু ধরা পড়ে যায়। এবার সনাতনের কি হবে? সে কি রেহাই পাবে এদের হাত থেকে? নাকি তার ভাগ্যে আছে অন্য কিছু?
সেটা জানতে হলে দেখতে হবে ‘সনাতনের কীর্তি’।সম্প্রতি কলকাতার নজরুল তীর্ততে ছবির বিশেষ প্রদর্শনী হয়ে গেল ছবির কলাকুশলীদের উপস্থিতিতে।


ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা রূপক চক্রবর্তীর।অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত,বোধিসত্ত্ব মজুমদার,মানসি সিনহা,রাজু মজুমদার, অরিত্র দত্ত বণিক,রিন্টু দে, সুব্রত গুহ রায়,আরিয়ান,শ্যামল রায় চৌধুরী, অনুষ্কা গোস্বামী ও অমৃত্যেন্দু কর।সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ রায়।টাইটেল গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী।দৃশ্যগ্রহণে উজ্জ্বল ভট্টাচার্য।সম্পাদনায় অভিষেক মন্ডল।প্রযোজনায় শিবম মুভিজ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *