✍️By Ramiz Ali Ahmed
রাণা সরকার নিবেদিত ডি সি এম ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির দুটি গানের আনুষ্ঠানিক প্রকাশ পেল দাগ ক্রিয়েটিভ মিডিয়ার অফিসে। নচিকেতা চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী’র উপস্থিতিতে মুক্তি পেল ‘অঙ্ক কি কঠিন’-এর গান দুটি।দেবদীপ মুখোপাধ্যায়ের লেখা ও সুরে নচিকেতা চক্রবর্তী’র ‘বাহান্নটা পাখি’ গানটি ‘অঙ্ক কি কঠিন’ ছবির একটা সম্পদ।গানটি এদিন নচিকেতা চক্রবর্তী গেয়েও শোনান।গিটার বাজিয়ে গানের সঙ্গত দান করেন গানটির গীতিকার ও সুরকার দেবদীপ মুখোপাধ্যায়।

https://youtu.be/tVSxFgI3yV4?si=PSv1f-ih4Jc3jtQz&sfnsn=wiwspwa


এদিন লগ্নজিতার কণ্ঠে মন ছুঁয়ে যাওয়া ‘একটা গল্প বলো’ গানটি প্রকাশ পেল।এই গানটিরও লেখা ও সুর দেবদীপ মুখোপাধ্যায়।

https://youtu.be/dap_sfYLR-k?si=Zl5CPobyEw-1_9l0&sfnsn=wiwspwa

গল্পের প্রেক্ষাপট কলকাতার উপকণ্ঠে রাজারহাট অঞ্চল।গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে তিন শিশু। বাবিন, ডলি ও টায়ার। যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়র, আরেকজন মায়ের মতো নার্স হতে চায়। তবে এদের স্বপ্নগুলো বড় হলেও, বেড়ে ওঠা নিম্নবিত্ত পরিবারে। পড়াশোনা এক সাধারণ সরকারি অবৈতনিক স্কুলে।

রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহর কলকাতার বড় বড় গাড়ি, বড় বড় বাড়ির ভিড়ের মাঝে থেকেও খুবই সাধারণ। যারা রাজারহাটের ঝাঁ চকচকে উঁচু বাড়িগুলো শুধুই‌ দেখতে পারে, ছুঁতে পারে না। যেখানে সমাজের প্রান্ত সীমায় বাস করা মানুষগুলো প্রতিনিয়ত প্রতিদিন কোনওভাবে গুজরান করার বাঁচার অঙ্ক মেলাতে ব্যস্ত।

করোনার পর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই অবৈতনিক স্কুল। এরপর নিজেদের স্বপ্নগুলো জিইয়ে রাখার তাগিদে ওই তিন খুদে ঠিক করে তারা একটি হাসপাতাল তৈরি করবে। যেমন ভাবা তেমন কাজ। হাতের সামনেই রয়েছে ‘আব্বুলিশ বাড়ি’। সেই ‘আব্বুলিধ বাড়ি’ অর্থাৎ একটি আধা তৈরি হয়ে থাকা, প্রায় পোড়ো বহুতলের মধ্যে নানা কুড়িয়ে পাওয়া-জোগাড় করা জিনিস দিয়ে সত্যিকারের চিকিৎসা হওয়ার ব্যবস্থা করতে শুরু করে তারা। এই স্বপ্নটা শেষমেশ তারা ছুঁতে পারে কি না, সেই নিয়েই ‘অঙ্ক কি কঠিন’।

‘অঙ্ক কি কঠিন’ ইতিমধ্যেই দেশে-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছে। ছবিতে অভিনয় করেছেন পার্নো মিত্র, শঙ্কর দেবনাথ, প্রসূন সোম প্রমুখ। এই ছবি দিয়ে অভিনয়ে পা রাখছেন তিন শিশুশিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী চক্রবর্তী, তপোময় দেব।
সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবদীপ মুখোপাধ্যায়। ছবিতে মোট চারটি গান আছে।পরিচালনার পাশাপাশি ‘অঙ্ক কি কঠিন’-এর চিত্রনাট্য লিখেছেন সৌরভ। সঙ্গ দিয়েছেন সৌমিক দেব।ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১৬ মে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *