নিজস্ব প্রতিবেদক:এবছর পদ্মশ্রী পেয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শংকর, সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ন মজুমদার, বাদ্যশিল্পী গোকুল চন্দ্র দাস এবং বিল্ডিং মেটিরিয়াল ইন্ডাস্ট্রির আইকন সজ্জন ভাজাঙ্কা। ৯ মার্চ সন্ধেয় তাজ বেঙ্গলে, দ্য বেঙ্গল এর পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করা হয়। সংস্থার পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের সম্মান প্রদান করেন চেয়ারম্যান এইচ এম বাঙ্গুর, প্রেসিডেন্ট যোগেন চৌধুরী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এভাবে সম্মানিত হতে পেরে শিল্পীরা তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেন। মমতা শঙ্কর এর কথায়, ‘আমি শুনি সবাই পদ্মশ্রী পান। কিন্তু আমি নিজে কোনওদিন ভাবিনি আশাও করিনি এই সম্মান আমি পাব। কোনও পুরস্কার পাবো এই কথা ভেবে আমি কখনও কাজ করিনি। আমি শুধু নিজের কাজ করে গেছি। সংগীত নাটক একাডেমী পুরস্কার পেয়েছি, পদ্মশ্রী পেলাম। আমার মনে হয় ভগবান তো স্বয়ং এসে আশীর্বাদ করতে পারেননা। এগুলোই ভগবানের আশীর্বাদ’।
শিল্পী গোকুল চন্দ্র দাসের কথায়, ‘দ্য বেঙ্গল এর আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। তাদেরকে ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। বাংলার ট্রাডিশনাল ফোক ইন্সট্রুমেন্ট, বাংলার অতি প্রাচীনতম বাদ্যযন্ত্র ঢাক। আমি মহিলাদের কে প্রাধান্য দেওয়ার জন্য তাদেরকে এই বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দিয়েছি। যাদের অধিকাংশই দুস্থ পরিবারের। তাদেরকে আমি স্বাবলম্বী করতে পেরেছি এটাই আমার কাছে প্রাপ্তি। কারণ এখন অনেক মহিলা ঢাকি শিল্পী দেখতে পাওয়া যায়’।
তেজেন্দ্র নারায়ন মজুমদার এর কথায়, ‘বাংলার ক্লাসিক্যাল ফেটারনিটির হয়ে পদ্মশ্রী পুরস্কার পেয়ে আমি খুব গর্ব অনুভব করছি। কিন্তু আমি যে পুরস্কার পাবো কখনও ভাবিনি। এই প্রাপ্তির পেছনে রয়েছে আমার বাবা-মা আমার গুরুদের আশীর্বাদ। তবে একটা পুরস্কার পেলে তার পেছনে একটা ভয়ও থেকে যায়। কোনও পুরস্কার পেলে ভালোলাগা যেমন থাকে তেমনি দায়িত্ব অনেক বেড়ে যায়। সংগীতের শিক্ষার্থী হিসেবে আমি যে কাজ করে চলেছি সেটা যেন আরও ভালো করে করতে পারি, এটাই চাই।’
সজ্জন ভাজাঙ্কা বলেন, ‘দ্য বেঙ্গল এর পক্ষ থেকে এই সম্মান আমার কাছে বড় প্রাপ্তি। ট্রেডিং এর মতো একটি বিরল ক্যাটাগরিতে আমি পদ্মশ্রী সম্মান পেয়েছি। তাই এই সম্মানও আমার কাছে বিশাল একটা প্রাপ্তি’।
দ্য বেঙ্গল এর সভাপতি যোগেন চৌধুরীর কথায়, ‘যারা পদ্মশ্রী পেয়েছেন তারা সকলে নিজস্ব ক্ষেত্রে প্রথিতযশা। এই প্রাপ্তি তাদের মতো আমাদের কাছেও আনন্দের। তাদের এই পাওয়াটাকে সম্মান জানানোর জন্যই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এবং দ্য বেঙ্গল এর পক্ষ থেকে সবাইকে সম্মানিত করা হল’।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *