এই পৃথিবীতে প্রতিটা মানুষই বোধহয় কোন না কোন চাবির সন্ধানে ছুটে চলেছে । কেউ বন্ধ দরজার তালা খুলে ছুঁতে চায় তার স্বপ্নকে।কেউ বা প্রিয় মানুষটাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবি খুঁজে বেড়াচ্ছে। কাজ হারিয়ে গ্রামের ছেলে চাবিওয়ালা ভবেন ও নগেন শহরে এসে উপস্থিত হয়। ভবেনের মনের আশা হয়তো শহরে চলে আসা তার প্রেমিকার মনের দরজা খুলে সে তাকে নিজের করে পাবে। কিন্তু শহরে এসে দেখে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবির খোঁজে ছুটে চলেছে। তারা কি পাবে সে চাবির সন্ধান ? কেউ কি পায় ?
এইরকমই একটা নিটোল গল্পকে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক রাজা ঘোষ। যেখানে প্রথমবারের মত বড় পর্দায় জুটি বেঁধেছেন অভিনেতা কৌশিক কর ও অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। এছাড়াও বিশেষ কিছু চরিত্রে আছেন সোহাগ সেন ,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় , শুভাশিস মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শঙ্কর দেবনাথের মত বিশিষ্ট শিল্পীরা।
তবে বিভিন্ন প্রতিবন্ধকতার বেড়াজালে তৈরি হয়েও ছবিটি মুক্তির আলো দেখতে পায়নি বহুদিন। কিন্তু জহুরী যেভাবে জহরকে ঠিক চিনে নেয়, তেমনিভাবেই ধাগা প্রোডাকশনের এবং অভিনেত্রী পরিচালিকা মানসী সিনহা ও শতদীপ সাহা এই ছবিটির প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ধাগা প্রোডাকশন এইরকম ভাবে অনিশ্চয়তার অন্ধকারে পড়ে থাকা মণিমুক্তোর মত ভালো ভালো কিছু ছবি প্রচারের আলোয় এনে তাদের দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ধাগা প্রোডাকশনের কর্মকর্তা শুভঙ্কর মিত্রর দৃঢ় বিশ্বাস এই ছবিটিও তেমনি দর্শকদের আনন্দ দেবে।
ছবিটি হলে মুক্তি না পেলেও প্রায় ৩০ টি ফিল্ম ফেস্টিভালে ঘুরেছে। মনোনীত হয়েছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও লন্ডন ফিল্ম ফেস্টিভাল – এ। পেয়েছে আওয়ার্ডও। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ই জুন পিপারপট পিক্সেল, হোয়াইট আউল এন্টারটেনমেন্ট – এর প্রযোজনায় ও ধাগা প্রোডাকশনের সহ প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ চাবিওয়ালা ‘।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *