পরিচালক এম এন রাজ (MN Raj)-এর পরিচালনায় আসছে নতুন ছবি “জান্নাত – এ টেল অফ ডেস্টিনি”। জুটিতে আসছে অভিনেতা গৌরব ও অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। পুরোপুরি প্রেমের গল্পে প্রকাশ্যে এল ছবির চরিত্র লুক। ছবিতে অভিনেতা গৌরবকে দেখা যাবে রাহুল চরিত্রে।
জান্নাত একজন আধুনিক মুসলিম তরুণী, যে একটি কর্পোরেট অফিসে চাকরি করে। আধুনিক হলেও বাইরে বেরোনোর সময় সে হিজাব পরে। তার পরিবার বলতে বড় ভাই আলি এবং ভাবি রুকশানা। তাঁরা দু’জন জান্নাতকে নিজেদের মেয়ের মতো করে বড় করেছেন।
আলি একজন খুব ভালো মানুষ, তবে বোনের বিয়ের ব্যাপারে সে একটু কঠোর। অন্যদিকে রাহুল একজন বেকার যুবক। সে তার বন্ধু রহিমের সঙ্গে মহল্লায় সারাদিন আড্ডা দেয়, ক্যারাম খেলে, ঘুমায়—আর চাকরির চেষ্টা করেও এখনও কোনো চাকরি পায়নি। হঠাৎ একদিন ঘটনাচক্রে রাহুলের সঙ্গে জান্নাতের দেখা হয়। সেই পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু তাদের এই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় আলি ভাই। শেষ পর্যন্ত কি রাহুল আর জান্নাত এক হতে পারবে? নাকি আলি ভাইয়ের পরিকল্পনায় তাদের ভালোবাসার গল্প শেষ হয়ে যাবে?
ছবিতে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত, তুলিকা বসু, দেবরঞ্জন নাগ, জ্যামি ব্যানার্জী, প্রমুখ। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন আয়ুষ দাস। ছবিতে গান গেয়েছেন রাজ বর্মন, ইশান মিত্র, মানশী ঘোষ, অঙ্কিতা ভট্টাচার্য, চৈতিপর্ণা দে। চলতি বছরের নভেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পাবে “জান্নাত ”।

