এবার পুজোয় প্রকাশ পেল”ডবল রূপঙ্কর”, পুজোর গানে, গানে পাহাড় ভ্রমণ

এবার পুজোয় “ডবল রূপঙ্কর” নিয়ে এল দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি। নিবেদনে খুকুমণি , সহযোগিতায় থিজম ইভেন্টস।দু’টো নতুন আধুনিক বাংলা গান প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল লেজেন্ড এন্ড লিগেসি ক্যাফেতে। গান রেকর্ড হয়েছিল দমদম এর ঐতিহাসিক এইচ.এম.ভি স্টুডিও -তে যা এখন সারেগামা নামেই পরিচিত। দ্যা ড্রিমার্স এর কর্ণধার সুদীপ্ত চন্দ এর কথায় ও সুরে দু’টো নতুন গান প্রকাশ পেল জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর কন্ঠে।


গান মুক্তি পেল ২৫ সেপ্টেম্বর,২০২৬। এই মাসেই ২৭: সেপ্টেম্বর আন্তর্জাতিক ট্যুরিজম ডে, আর এই দিনকে মাথায় রেখে বিগত বেশ কিছু বছর ধরে পুজোর আগে নতুন বাংলা গান প্রকাশ করে আসছে দ্যা ড্রিমার্স। উল্লেখ্য, এই সংস্থার অন্যতম প্রধান অনুষ্ঠান “মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল”, যা পাহাড়ে আয়োজিত হয়। ‘মেঘ আসে পাশে ‘, ‘একলা পথ’ এই দু’টো গান প্রকাশ করলেন রূপঙ্কর, দেবজ্যোতি মিশ্র, খুকুমণি এর পক্ষে অরিত্র রায় চৌধুরী, দিয়া রায় চৌধুরী, থিজম ইভেন্টস এর পক্ষে ঋতম সাহা, সঙ্গীত আয়োজকদের মধ্যে মাধুর্য্য মুখার্জি, রণদেব মুখার্জি প্রমুখ। প্রথম গান “মেঘ আসে পাশে” এর সঙ্গীত আয়োজনে রণদীপ মুখোপাধ্যায় যিনি মানু নামেই বেশি পরিচিত, দ্বিতীয় গানটি “একলা পথ ” মাধুর্য্য মুখোপাধ্যায় এর করা।


এক সময় পুজোর গান বলতেই এইচ.এম.ভি এর পুজোর গানের কথা মনে পড়ে যায়। সেই সময় পুজোয় প্রকাশ পেত প্রখ্যাত সব শিল্পীদের গানের রেকর্ড। সেই নস্টালজিয়াকে মনে রেখেই সেই স্টুডিওতে গানের রেকর্ডিং করেন রূপঙ্কর। শিল্পী জানালেন, “১৯৯২ সালে প্রথম এই স্টুডিওতে আসি সুমন দার গানের রেকর্ডিং দেখতে। পরে অবশ্য আমার নিজের অ্যালবাম এর রেকর্ডিং এ বহুবার এসেছি।দু’টো নতুন গান রেকর্ড করতে আবার গিয়েছিলম। সুদীপ্ত এর জন্য আগেও বেশ কিছু গান করেছি। বেশ ভালো কাজ। ” অন্যদিকে সুদীপ্ত চন্দ বলেন, ” বিগত বেশ কিছু বছর ধরেই নতুন বাংলা গান করে আসছি। মূলত বাংলা ট্র্যাভেল সং আমাদের কাজের একটা মূল বৈশিষ্ট্য।পাহাড়ের নানা প্রান্তে আমাদের গানের শুটিং হয়ে থাকে। এই গান দু’টোর ক্ষেত্রেও পাহাড়ের মনোরম দৃশ্য নজর কাড়বে, সাথে দু’টো মেলোডি নির্ভর গান তো থাকছেই। ” গান দু’টো মুক্তি পেল সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং মাধ্যমে, আর ‘একলা পথ’ গানের মিউজিক ভিডিও দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

https://youtu.be/tDCNcgwaXa4?si=Yw8BFHFF3nQip6IU

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *